আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াত আমিরের - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই দেশের সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে, জনগণকে স্বস্তির সঙ্গে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে। শেখ হাসিনার পৌনে ২ কোটি ভুয়া ভোটার বাতিল, মৃতদের ভোটার তালিকা হতে বাদ দেওয়া এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে স্থানীয় নির্বাচন আগে দেওয়ার দাবি জানান তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, স্থানীয় সরকার প্রশাসকদের জনগণ তাদের প্রতিনিধি মনে করে না, তারা তাদের ঘুষের রেট বাড়িয়ে দিয়ে বেশি হয়রানি করছেন। বিগত আওয়ামী লীগের সময় তারা শালা-সমন্ধি, আত্মীয়স্বজন মিলে স্থানীয় নির্বাচনের নামে সবকিছু দখল করেছেন। জামায়াতের রাজনীতি জনদুর্ভোগ বাড়াতে নয়, কমানোর জন্য। তিনি নির্বাচনে পিআর সিস্টেমের দাবি জানান।

তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশে জাতীয় নির্বাচন সম্ভব নয়। এসময়ে জাতীয় নির্বাচন হলে তা ইলেকশন জেনোসাইড- বলে দাবি করেন তিনি। এতে চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় ভাসবে বাংলাদেশ। আমরা এটা চাই না।

বেকারদের উদ্দেশে তিনি বলেন, দেশে সুশিক্ষার পরিবর্তে কু-শিক্ষা দেওয়া হয়। এ শিক্ষা মানুষ বানায় না, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে না। তাই সার্টিফিকেটের বস্তা নিয়েও চাকরি মেলে না। আমরা ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ এমন শিক্ষা দেওয়া হবে, যেদিন শিক্ষার পাট শেষ হবে সেদিন যোগ্যতানুযায়ী চাকরির অফার লেটার তাদের দেওয়া হবে। আমরা কোনো বেকার থাকতে দেব না।

ওই পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় ডেমার উপজেলা শাখার আমির মো. আহমাদুল হক মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক (রংপুর-দিনাজপুর) মাওলানা আব্দুল হালিম, (রংপুর-দিনাজপুর) অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারসহ জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ