আজ ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ১:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ১:০৫ পূর্বাহ্ণ

 

আজ ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে নিরস্ত্র বাঙালিদের; সশস্ত্র হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন।

২৫ মার্চ ও মুক্তিযুদ্ধে সংঘটিত জঘন্যতম গণহত্যার এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি বাংলাদেশ। এবার গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিচার চায় বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী নির্মম পৈশাচিক নির্যাতন চালিয়েছিল। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংর্ঘের মাধ্যমে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।

রাষ্ট্রপতি এ দিনে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায়। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদ এবং জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থক, বিদেশি বন্ধু এবং সর্বস্তরের জনগণকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বাণী- স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে সকল বাংলাদেশিকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ লালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, আত্মপ্রত্যয়ী ও আত্মমর্যাদাশীল ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নের দর্শনে বিশ্বাসী। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজীকরণ এবং দেশের উন্নয়নে আমরা আশু, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছি।

আর এ দিবসকে ঘিরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে হাজারো মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি।

দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ সাজানো হয়েছে নতুন রূপে। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রঙতুলির আঁচড়। নিরপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ ও উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ সৌধ এলাকায় থাকবে তিন স্তুরের নিরাপত্তা বলয়।

স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে সহস্রাধিক পুলিশ সদস্য।

২৬ মার্চ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণকে শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

দিবসটির প্রথম প্রহরেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কূটনৈতিক কোরের ডিন, যুদ্ধাহত মুক্তযোদ্ধা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সমাজের সর্বস্তরের মানুষজন শহীদ বেদিতে ফুল দিয়ে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তাই তিন বাহিনীর পক্ষ থেকে যাবতীয় গার্ড অব অনার প্রদানের জন্য একটি সুসজ্জিত দল তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ ও বিদেশি কূটনীতিকসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এজন্য সাভার গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধ দীর্ঘ প্রায় একমাস ধরে ধুয়ে-মুছে, রঙতুলির আঁচড়ে, রঙ-বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। স্মৃতিসৌধে আগত দর্শনার্থীসহ সকলের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখানকার পুলিশ ও আনসার ক্যাম্পকে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থানে রাখা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদন ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে চার স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এ ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করে প্রস্তুত রাখা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদীতে। এরপর মন্ত্রীবর্গ, কুটনৈতিক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি।

প্রতিবারের ন্যায় এবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সৌধ এলাকায় নিরাপত্তা চৌকি ও পর্যবেক্ষণ টাওয়ার বসানোর পাশাপাশি নিরাপত্তার জন্য আগের চেয়ে ফোর্স আরও বাড়ানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ