আদিলুর ও নাসিরের কারাদণ্ড ভিন্নমত দমনের অপকৌশল: রব - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদিলুর ও নাসিরের কারাদণ্ড ভিন্নমত দমনের অপকৌশল: রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিশিষ্ট মানবাধিকার কর্মী অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিন এলানের কারাদণ্ড স্থগিত বা প্রত্যাহার করে তাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। রোববার এক বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশে সংগঠিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে এবং মানবাধিকার সুরক্ষায় মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিন এলান গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছেন। ফলশ্রুতিতে এই দুইজন বিশিষ্ট ও খ্যাতিমান মানবাধিকার কর্মীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। যা ন্যায় বিচারের পরিপন্থি। এই বিচারিক হয়রানির মাধ্যমে দেশে নতুন করে ভিন্নমত দমনের মাত্রা বৃদ্ধি সম্পর্কে শঙ্কা জেগে উঠেছে।

সাইবার ট্রাইব্যুনাল আদিলুর রহমান খান এবং এ এস এম নাসিরুদ্দিন এলানকে দেশের তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনের অধীনে ভুল তথ্য ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করেছে। অথচ দিনের ভোট রাতে সম্পন্ন হওয়ার পরও সরকার- কারচুপি হয়নি বলে ভুল তথ্য প্রচার করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে রাষ্ট্রের মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়েছে; সে জন্য কেউ দোষী সাব্যস্ত হয়নি।
ভিন্নমত আর কণ্ঠকে হয়রানি ও দমন করার জন্য সকল ধরনের অপকৌশল থেকে সরকারকে বিরত থাকতে হবে এবং দ্রুত আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন এলানকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন জেএসডি নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ