আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি পদে বাংলাদেশ, কূটনীতিতে নতুন মাইলফলক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৬, বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি পদে বাংলাদেশ, কূটনীতিতে নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে বৈশ্বিক শ্রম কূটনীতি ও বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে দেশটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান আইএলওর বার্ষিক এ সম্মেলনের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শ্রম অধিকার ও কর্মসংস্থানবিষয়ক বিশ্বের সর্বোচ্চ এ ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উরুগুয়ের শ্রম ও সামাজিক সুরক্ষাবিষয়ক মন্ত্রী জুয়ান কাস্টিলো। সহসভাপতি হিসেবে নাহিদা সোবহানের পাশাপাশি দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার জেরার্ডো মার্টিনেজ ও যুক্তরাষ্ট্রের ক্রিস্টেন কফম্যান।

আইএলওর ১৮৭ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সর্বসম্মত সমর্থনে বাংলাদেশের এ নির্বাচন বৈশ্বিক শ্রম ব্যবস্থাপনায় দেশের ক্রমবর্ধমান নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ন, শোভন কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের প্রতিশ্রুতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও সমর্থনের প্রতিফলন ঘটেছে।

পরিবর্তনশীল বিশ্বে শ্রম খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় কূটনীতি জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা এ নির্বাচনের মাধ্যমে আরও সুদৃঢ় স্বীকৃতি পেয়েছে।

সহসভাপতি হিসেবে বাংলাদেশ শ্রমিক অধিকার, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষাসহ বৈশ্বিক শ্রম খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আইএলওর সদস্য রাষ্ট্র ও অংশীজনদের মধ্যে নীতিগত ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

আন্তর্জাতিক শ্রম সম্মেলন আইএলওর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণী ফোরাম। ‘বিশ্বের শ্রম সংসদ’ হিসেবে পরিচিত এ সম্মেলনে প্রতিবছর বিভিন্ন দেশের সরকার, শ্রমিক ও মালিক সংগঠনের প্রতিনিধিরা শ্রম খাতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ