আন্দোলনকে ঘিরে রাজধানীতে পুলিশের সতর্ক অবস্থান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ৩, ২০২৪ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ৩, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে সারাদেশ উত্তাল। প্রতিদিনেই আসছে নতুন নতুন কর্মসূচি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রতিদিনই কঠোর কর্মসূচি দিয়ে যাচ্ছে। এতে দিন দিন রাজধানীসহ সারাদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
বিশেষ করে রাজধানীতে কোথাও যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এজন্য পুরো রাজধানীতে কোথাও তারা বসিয়েছেন তল্লাশি চৌকি। আবার কোথাও এপিসি গাড়ি দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিষেশ করে ঢাকার প্রবেশমুখ গুলোতে শনিবার (৩ আগস্ট) সকাল থেকে এ তল্লাশি জোরদার করা হয়। এর বাইরেও রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ অবস্থান। আমাদের বেশ কয়টি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি।
প্রয়োজনে ‘সন্দেহভাজন’দের তল্লাশি করা হচ্ছে। সিএনজি, মোটরসাইকেল, দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের ব্যাগ দেখা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জনতার আওয়াজ/আ আ