আয়না ঘরের নামে হত্যা, গুমকারীরা বহাল তবিয়তে: মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ২৫, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ২৫, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আয়না ঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে তারা বহাল তবিয়তে আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতই আছেন। তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। যারা আয়না ঘর তৈরি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উচিত ছিল; সাংবাদিকদের নিয়ে ওই ঘৃণিত স্থান দেখানোর, কিভাবে নিরীহ মানুষদের তারা অত্যাচার, নির্যাতন, হত্যা করেছে। আয়না ঘর স্রষ্টাদের কিছু হচ্ছে না শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
বিপ্লব এখনও থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, ২০ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো মনে হয় না, বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে কাউকে অংশ নিতে দেখিনি। দ্রুত আয়না ঘরের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, তাদের আচরণ এমন হওয়া উচিত যাতে তাদের দেখে মনে না হয়; তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। অবিলম্বে যে ৪৮৭ জন সেখানে আশ্রয় নিয়েছেন, তাদের তালিকা প্রকাশ করুন। ভয়ের কি আছে, বিপ্লব সফল করতে হলে এ দুর্বৃত্তদের দমন করতে হবে। আমরা এই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই। আশা করব, আপনারা সব সময় জনগণের পক্ষে থাকবেন পাশে দাঁড়াবেন। ভুলে যাবেন না, আপনারা জনগণের প্রভু নন, আপনাদের আচরণে বিনয় থাকতে হবে। যাতে করে মহান বিপ্লবের আগস্টের কোনো ক্ষতি না হয়। প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরও ছাত্রদের সম্পৃক্ত করুন যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। বুদ্ধিজীবীদের প্রয়োজন নেই, যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন; দুঃসময়ে নিশ্চুপ থাকে। আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায়।
শুধু বুদ্ধিজীবী আর এনজিকর্মী নয়, বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, শেখ হাসিনা সরকারকে যারা শক্তিশালী করতে সহযোগিতা করেছে, উপদেষ্টা পরিষদ, প্রশাসনে থাকলে তাদের সরিয়ে দেন।
বৈষম্যবিরোধী ছাত্র সমাজকে উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন বলেন, বিজয়ের আনন্দে আত্মহারা হবেন না।
পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ, সতর্ক থাকবেন। আপনারা রাজপথে থাকুন। যে কোনো ধরনের প্রতি বিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে প্রতিহত করবো। বিএনপি আপনাদের সাথে আছে, অন্যান্য রাজনৈতিক দল দলগুলোও থাকবে। তবে মূল শক্তি হিসেবে আপনারা ছাত্ররা রাজপথে থেকে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিবেন।
তিনি বলেন, ছাত্র-জনতার কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বিদায় করেছে। তাদেরকে অভিনন্দন জানাই। বিপ্লব কিন্তু শেষ হয় নেই, বিপ্লব থমকে আছে।
জনতার আওয়াজ/আ আ