একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল ঢাকা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল ঢাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার জন্য দেশটিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো: জসীম উদ্দিন। পাশাপাশি, বাংলাদেশের ঝুলে থাকা আর্থিক পাওনাসহ ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো পাকিস্তানের কাছে উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

মো: জসীম উদ্দিন বলেন, ‘পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো আমি উত্থাপন করেছি। এর মধ্যে রয়েছে-আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিদেশী সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্রবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়সমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী ও অগ্রসরগামী সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা কামনা করি। এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করি।’

এসব ইস্যুতে পাকিস্তান কী প্রতিক্রিয়া দেখিয়েছে-জানতে চাইলে মো: জসীম উদ্দিন বলেন, ‘এসব বিষয়ে তারা আমাদের সাথে আলোচনা অব্যাহত রাখতে চান বলে আশ্বস্ত করেছেন।’

তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল বিষয়গুলো তুলে ধরা। তারাও এতে আগ্রহ দেখিয়েছেন।’

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করবেন বলেন জানান তিনি। এমনকি শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দু’ দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দিতে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এরপর বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

তার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো: জসীম উদ্দিন। আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান এবং বাংলাদেশ ও পাকিস্তানের হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

২০১০ সালের পর এই প্রথম পাকিস্তানের সাথে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। সে বছরের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর ১৫ বছর এই বৈঠক আর হয়নি।

গত বছরের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর ঢাকার সাথে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের সাথে আলোচনায় বসতে চেয়েছিল পাকিস্তান।

ইসহাক দারের আসন্ন ঢাকা সফরও ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর হতে চলেছে।

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ