কথা বলতে গেলেই চালানো হচ্ছে নির্যাতন: গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। রোববার দুপুরে বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে নয়াপল্টন হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে শেষ হয়। এতে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, ‘আজ বিশ্ব মানবাধিকার দিবস। মানবাধিকার দিবসে বাংলাদেশ সরকার ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। আজকে দেশের জনগণের মানবাধিকার থেকে শুরু করে কোনো অধিকারই নেই। আমরা কথা বলতে গেলেই আমাদের ওপর চালানো হচ্ছে নির্যাতন। সরকার আমাদেরকে নানাভাবে চাপ দিয়েও নির্বাচনে অংশ নেওয়াতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আমরা গণঅধিকার পরিষদ পরিষ্কার ভাষায় বলতে চাই, এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা এ দেশে হতে দিব না। রাজনৈতিক দলগুলোর ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। যারা ইমানের এই পরীক্ষায় পাস করবে তারা ইতিহাস করবেন, আর যারা সরকারের সাথে আঁতাত করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’
গণঅধিকার পরিষদের নেতা আতাউল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন, তারেক রহমান, অ্যাডভোকেট শিরিন আকতার, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মোহাম্মদ শামসুদ্দিন, মোজাম্মেল মিয়াজি, মাববুবুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণের গণনেতা ইমাম উদ্দিন, ফায়সাল, গণঅধিকার পরিষদ উত্তরের গণনেতা মোহাম্মদ আব্দুল্লাহ, শফিকল ইসলাম রতন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন, সদস্য সচিব সোহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ