কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের জন্য সুসংবাদ আসছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১০, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের জন্য সুসংবাদ আসছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
চার দিনের সফরে ভারত থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আজ দিনের শেষের দিকে ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে ‌‌‘‘সুসংবাদ’’ আসার সম্ভাবনা রয়েছে। রোববার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ববাসীর জন্য এই সুসংবাদ আসছে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি বলেন,‘আমি মনে করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ব কিছু সুখবর পেতে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণ আরোপের ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ অবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রস্তাবিত শান্তি চুক্তিতে হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগগুলোর সমাধান অন্তর্ভুক্ত থাকবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রায় ৫৩ মিনিটব্যাপী এক যৌথ সংবাদ সম্মেলনে রুবিও বলেন, এই চুক্তি এমন একটি প্রক্রিয়ার সূচনা করবে, যার মাধ্যমে বিশ্ব এমন অবস্থায় পৌঁছাবে যেখানে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে আর কোনও ভয় বা উদ্বেগ থাকবে না।

তিনি আরও বলেন, ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না—এটাই এই চুক্তির মূল উদ্দেশ্য। রুবিওর ভাষায়, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না। হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ। সেখানে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ধ্বংসের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ।”

এর আগে রবিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তিনি জানান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্র দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের পর এ অগ্রগতি হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে এখন চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

ট্রাম্প আরও জানান, তিনি আলাদাভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন। তার দাবি, সম্ভাব্য এই সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হবে।

তবে ট্রাম্পের এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি শুধু যুদ্ধের আগে যে সংখ্যক জাহাজ চলাচল করত, সেই পর্যায়ে পারাপার ফিরিয়ে আনতে সম্মত হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে, আগের মতো সম্পূর্ণ অবাধ নৌচলাচল পুনরায় চালু করা হবে।

এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টকে ‘অপপ্রচার’ হিসেবে অভিহিত করেছে। আইআরজিসির দাবি, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও ধরনের প্রতিশ্রুতি দেয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ