কৃষক ও ভোক্তার স্বার্থ বিবেচনা করে পিয়াজ আমদানির সিদ্ধান্ত : কৃষিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কৃষক ও ভোক্তার স্বার্থ বিবেচনা করে পিয়াজ আমদানির সিদ্ধান্ত : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

 

দেশে পিয়াজের সংকট নেই, ব্যবসায়ী সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের কারণে দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার পাবনার সুজানগর উপজেলায় বাজার ও কৃষকের ঘরে পিয়াজ মজুতের প্রকৃত অবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের উদয়পুর গ্রামের মাসুদ রানার বাড়িতে এয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পিয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করেন মন্ত্রী।ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পিয়াজের দাম বাড়াচ্ছে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের প্রশ্ন কেন এই আশ্বিন কার্তিক মাস আসলেই পিয়াজের ঘাটতি হয়, দাম অস্বাভাবিক হয়। পিয়াজ নিয়ে কেনো নানা রকম রাজনীতি শুরু হয়। ঈদ এলেই পিয়াজ ব্যবসায়ীরা নানা ষড়যন্ত্র করে, সিন্ডিকেট করে পিয়াজের দাম বাড়িয়ে দেয়।

কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ বিবেচনা করে পিয়াজের আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করছি পিয়াজ সংরক্ষণের সময় কিভাবে বাড়ানো যায়। আমরা আধুনিক সংরক্ষণাগার স্থাপন করেছি। আমরা যদি সফল হই, তাহলে দেশের চাহিদা মিটিয়ে আমরাই ভারতে পিয়াজ রফতানি করতে পারবো। গত মৌসুমে আমাদের কৃষক ভাইয়েরা পিয়াজের দাম পায়নি। এছাড়া অনেক পিয়াজ নষ্ট হয়েছে। ফলে অনেকেই পিয়াজ আবাদও করেনি এবার। এতে ২ থেকে ৩ লাখ টন পিয়াজ উৎপাদন কম হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করে দেখেছেন এখনো পিয়াজ ভালো মজুদ আছে, তাই দাম বাড়ার কথা নয়। ক্রেতারা যেন ব্যবসায়ীদের কারসাজিতে বিভ্রান্ত না হয়। আশা করছি সরকারের পদক্ষেপে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

বাংলাদেশের উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার সাম্প্রতিক আলোচনা বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। দেশের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত সরকার মেনে নেবে না। কে নিষেধাজ্ঞা দিল, কে ভয় দেখাল, চক্ষু রাঙাল তা দেখে সিদ্ধান্ত হবে না। ১৭ কোটি মানুষের স্বার্থের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে প্রধানমন্ত্রী, মন্ত্রী, ডিসি, এসপিসহ সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে।

যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না, এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, উন্নত দেশ যারা নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আর যারা নিষেধাজ্ঞার অনুমান করছেন তাদের অনুমান করে লাভ নেই। আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না। কারণ তারা দায়িত্ববোধের পরিচয় দেবে। তারা বিবেক বোধের পরিচয় দেবে।

এর আগে কৃষিমন্ত্রী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা আশার কারিগরি সহায়তায় স্থাপিত এয়ার ফ্লো চেম্বার সিস্টেমে আধুনিক পিয়াজ সংরক্ষণাগার এবং সনাতন পদ্ধতির পিয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ