কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতির ইসলামী আন্দোলনে যোগদান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতির ইসলামী আন্দোলনে যোগদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির পদ ছেড়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারি।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতী রেজাউল করীমের সঙ্গে দেখা করে তিনি যোগদান করেন।

দৌলতুজ্জামান আনসারি শুরুতে জাতীয় পার্টির রাজনীতি করতেন। তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য পদপ্রার্থীও ছিলেন। পরবর্তীতে বিএনপিতে যোগদানের পর তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ময়মনসিংহের বিভাগীয় কৃষক দলের প্রধান সমন্বয়ক ছিলেন।

দৌলতুজ্জামান আনসারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে দলীয় মনোনয়ন দেয়।

বুধবার বিকেলে বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করীমের সঙ্গে দেখা করে দৌলতুজ্জামান আনসারি ইসলামী আন্দোলনে যোগদান করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, মেলান্দহ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আরিফ, সেক্রেটারি মোখলেছুর রহমান, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশেষ কারণ দেখিয়ে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির পদ থেকে ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারি পদত্যাগ করেন এবং এ বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী জানান, ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারি কৃষক দল থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তার বাড়ী মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গ্রামে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ