কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেওয়া হবে: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৯, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২০, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২০, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফারাক্কা বাঁধের কারণে পানির পরিমাণ কমে দেশের দক্ষিণাঞ্চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশের কৃষি ও প্রকৃতিকে রক্ষা করতে এবং নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণ করবে। পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণেও হাত দেওয়া হবে।

বুধবার (২০ মে) দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই ঘোষণা দেন।

পদ্মা নদীর স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শৈশবে তিনি দেখেছেন পদ্মা নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যেত না। এখনও একই অবস্থা থাকলেও তখন নদীতে প্রচুর পানি ছিল, বর্তমানে পানির পরিমাণ অনেক কমে গেছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফারাক্কা বাঁধের প্রভাবে নদীতে পানির প্রবাহ হ্রাস পাচ্ছে। এর ফলে দক্ষিণাঞ্চলে সমুদ্রের নোনা পানি ঢুকে পড়ছে, সুন্দরবনসহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক প্রজাতির প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে। এই সংকট মোকাবিলায় পানি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্ষাকালের অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা কৃষিকাজে ব্যবহারের লক্ষ্যে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিস্তা ব্যারেজ প্রসঙ্গেও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু মানুষ জনপ্রিয়তা অর্জনের জন্য নানা ধরনের কথা বলেন, তবে বাস্তবতা ভিন্ন। তাঁর দাবি, বিএনপি সরকার পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেবে। তিনি আরও বলেন, যারা বড় বড় কথা বলেন, তাদের উদ্দেশ্যে তিনি স্মরণ করিয়ে দিতে চান যে বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তায় বিএনপি যে কর্মসূচি পালন করেছে, তা দেশের অন্য কোনো রাজনৈতিক দল করেনি। তাঁর মতে, পরিস্থিতি তৈরি ও উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিএনপির ভূমিকা রয়েছে।

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, গত দুই দশকে ভূগর্ভ থেকে যে পরিমাণ পানি উত্তোলন করা হয়েছে, তা পুনরায় রিচার্জ হতে আরও দুই দশক সময় লাগবে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য উৎপাদনের প্রয়োজনীয়তা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো এখন অপরিহার্য। এ জন্য দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর ওপর ব্যারেজ নির্মাণের মাধ্যমে সীমান্তের ওপার থেকে পানি প্রত্যাহারের সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন।

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ থামানো সম্ভব নয়, তবে আগাম প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো যায়। তিনি বলেন, এই ধরনের কর্মসূচি থেকে মানুষের শপথ হওয়া উচিত—নিজেরা সচেতন হওয়া এবং অন্যদেরও সচেতন করা। প্রকৃতি সংরক্ষণে গাছ লাগানো, খাল খনন এবং পানি অপচয় রোধের মতো কার্যক্রমের ওপর জোর দেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ সম্পদের দিক থেকে দরিদ্র হতে পারে, তবে সঠিকভাবে সম্পদ রক্ষা ও ব্যবস্থাপনা করা গেলে উন্নত দেশের মতো এগিয়ে যাওয়া সম্ভব। তাঁর মতে, অবহেলা ও অজ্ঞতার কারণে সম্পদ নষ্ট হলে জনগণের ভোগান্তি বাড়বে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং সচিব সাইদুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ