খন্দকার মাহবুব হোসেনের রুহের মাগফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ১২:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ

প্রবীণ আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের রুহের মাগফিরাত কামনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বাদ আসর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগের প্রবীণ এই আইনবিদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কয়েক হাজার আইনজীবী অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
দোয়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় নেয়া অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, বিএনপির ভাইচ চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আইনজীবী ফজলুর রহমান, আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের বর্তমান ট্রেজারার মো: কামাল হোসেন, সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান, সাবেক সহ-সম্পাদক এ জেড এম মোরশেদ আল মামুন লিটন, এ এইচ এম কামরুজ্জামান মামুন, মোহাম্মদ আলী, জামিল আক্তার এলাহী, মো: আক্তারুজ্জামান, ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ, মাহমুদ হাসান, মো: সগীর হোসেন লিওন, মনিরুজ্জামান আসাদ, মো: শিশির মনির, খন্দকার মারুফ হোসেন, শহিদুল ইসলাম সপু, মো: মাকসুদ উল্লাহ, কে আর খান পাঠান, মাহবুবুর রহমান দুলাল, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন, আশিকুজ্জামান নজরুল, আনিসুর রহমান রায়হান, মু. কাইয়ুম প্রমুখ।
প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ৩১ ডিসেম্বর রাত পোনে ১১টা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এরপর ১ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী চত্বরে তার জানাজা সম্পন্ন হয়। এতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন, এ জে মোহাম্মদ আলী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ হাজারো আইনজীবী অংশগ্রহণ করেন।
২ জানুয়ারি খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদে সর্বশেষ জানাজা শেষে আজিমপুর করবস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনার বামনায় জন্মগ্রহণ করেন। বাবা খন্দকার আবুল হাসান ছিলেন একজন শিক্ষাবিদ। ১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৪ সালে আইন পাস করে তিনি আইন পেশায় যুক্ত হন। ১৯৮৮ সালের ১৭ জুলাই তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে চারবার নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদে দুবার দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন অধ্যাপিকা ফারহাত হোসেনকে। দুছেলে ও এক মেয়ে সন্তানের জনক তিনি। আইনজীবী হিসেবে তিনি অসংখ্য যুগান্তকারী মামলা পরিচালনা করেছেন।
জনতার আওয়াজ/আ আ