চলচ্চিত্রে তিন দশক পার করলেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলচ্চিত্রে তিন দশক পার করলেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ

 

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তার পুরো নাম আরিফা জামান মৌসুমী। ১৯৯৩ সালে অমর নায়ক সালমান শাহ’র সঙ্গে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে ঢালিউডে যাত্রা হয় তার। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পেয়েছিল। সেই হিসেবে আজ (২৫ মার্চ) অভিনয় জীবনের ৩০ বছরে পূর্ণ করলেন এই অভিনেত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। সামাজিকমাধ্যম ফেসবুকে মৌসুমীর একটি সিঙ্গেল ছবি ও সালমান শাহ’র সঙ্গে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার একটি দৃশ্যের ছবি শেয়ার করেন তিনি।

এর ক্যাপশনে ওমর সানী লেখেন, ‘অভিনন্দন মৌসুমী তোমাকে কর্মজীবনের ৩০ বছর উপলক্ষে। আজ তুমি সবার কাছে প্রিয়দর্শিনী, চলচ্চিত্রের কাছে প্রিয়দর্শিনী এবং আমার পরিবারের কাছে তুমি প্রিয়দর্শনী। অভিনন্দন।’

১৯৭২ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে ঘর বাঁধেন তিনি।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি মুক্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মৌসুমীকে। একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

তিন দশকের ক্যারিয়ারে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত কণ্ঠে মৌসুমী সংবাদমাধ্যমকে বলেন, ‘দেখতে দেখতে এতটা বছর পেরিয়ে গেল ভাবাই যায় না। পথচলায় যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাকি জীবন সবার ভালোবাসা নিয়েই কাটিয়ে দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

মৌসুমী অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে সাফল্য পেয়েছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এরপর তিনি ২০০৬ সালে ‘মেহের নিগার’ পরিচালনা করেন। নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’, ‘ভালোবাসবোই তো’ নামের আরো দুটি সিনেমা।

মৌসুমী গানেও বেশ পারদর্শী। ১৯৯৩ সালে ‘মৌসুমী’ সিনেমায় ‘ভালোবাসা বলে নেইতো কিছু’, ‘মগের মুল্লুক’ সিনেমায় প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘কি দারুণ দেখতে’, ‘হৃদয়ের বন্ধন’ সিনেমায় ‘আজকের এই দুনিয়ায়’, ২০০৪ সালে জাহিদ হোসেন পরিচালিত ‘মাতৃত্ব’ সিনেমাও একটি গানে কণ্ঠ দেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ সিনেমায় ‘কি যে শূন্য লাগে তুমিহীনা’ গানে কণ্ঠ দেন এ অভিনেত্রী।

দাম্পত্য জীবনে অনবদ্য নজির স্থাপন করেছেন মৌসমী। চিত্রনায়ক ওমর সানী ও মৌসুমীর সংসার আলো করে রেখেছে পুত্র ফারদিন এহসান স্বাধীন এবং কন্যা ফাইজা। শুধু তাই নয়, ২০২১ সালের পুত্র ফারদিনকে বিয়ে দিয়ে সাদিয়া রহমান আয়েশা নামের পুত্রবধূও ঘরে তুলেছেন সানী-মৌসুমী দম্পতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ