চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ৪৫-এ পা রাখল ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ৪৫-এ পা রাখল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ৪৫-এ পা রাখল বিএনপির এই সহযোগী সংগঠনটি। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। চলমান এই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখাই নতুন বছরে ছাত্রদলের প্রধান চ্যালেঞ্জ। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১ জানুয়ারি সকাল ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরির লক্ষ্যে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই ভাবনা থেকে ১৯৭৯ সালের ১ জানুয়ারি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন তিনি। সে সময়ে জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণে অনেক তরুণ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। মরহুম কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে সেদিন ছাত্রদলের প্রথম কমিটি প্রকাশ করা হয়। অতীতে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে সম্মুখভাগে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছাত্রদল। বিশেষত নব্বইয়ের দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নাম বেশ ছড়িয়ে পড়ে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই গৌরব হারাতে বসেছে সংগঠনটি। দীর্ঘদিন কমিটি পুনর্গঠন ও হালনাগাদ না করা এবং অভ্যন্তরীণ গ্রুপিং কোন্দলের কারণে নেতৃত্বের বিকাশ ঘটাতে পারছে না ছাত্রদল ও বিএনপি।

দীর্ঘ ২৭ বছর পর ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলের তিন মাস পর ওই বছরের ডিসেম্বরে সংগঠনটির ৬০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। বহুদিন ধরে কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় পদপ্রত্যাশীদের মাঝে ক্ষোভ দানা বাঁধে। খোকন-শ্যামল কমিটি সারা দেশে তৃণমূল সংগঠনকে পুনর্গঠনের লক্ষ্যে জেলাভিত্তিক ৪০টি সাংগঠনিক টিম গঠন করে। এসব টিমের নেতা ও একাধিক সদস্যের বিরুদ্ধে জেলা ও থানা কমিটি গঠনে আর্থিক লেনদেন, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ পায় বিএনপির হাইকমান্ড। এমন পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের প্রতি চরম ক্ষুব্ধ হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। পরে ছাত্রদলের খোকন-শ্যামল কমিটির সিনিয়র নেতাদের ডেকে ওয়ান টু ওয়ান কথা বলেন তিনি। এরপর ছাত্রদলের কয়েকজন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করেন তারেক রহমান।

নতুন কমিটির পূর্বাপর
সর্বশেষ গত বছরের ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে শ্রাবণ আগের কমিটির সিনিয়র সহসভাপতি ও জুয়েল ছিলেন সাংগঠনিক সম্পাদক। পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে রাশেদ ইকবাল খান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম রাকিব (ঢাবির সাবেক আহ্বায়ক) ও সাংগঠনিক সম্পাদক পদে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে দায়িত্ব দেওয়া হয়। একইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিরও অনুমোদন দেওয়া হয়েছে। এরপর ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ৩০২ সদস্যের বিরাটাকৃতির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করে ছাত্রদল। বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে ২৩ জনকে সহসভাপতি, ৮২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৬২ জনকে সহ-সাধারণ সম্পাদক, ৩৮ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্য ৭৩ জন এবং সাধারণ সদস্য করা হয়েছে ১৯ জনকে।

১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি
এদিকে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ২০১৯ সালের ২২ জুন ছাত্রদলের ১২ জন নেতাকে বহিষ্কার করা হয়। বয়ষ্কদের দিয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে ওই ১২ নেতা ও তাদের অনুসারীরা তখন আন্দোলনে নেমেছিলেন। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হলেও এখনো কার্যকর হয়নি। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রদলের সাবেক এই নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বহিষ্কৃত থাকায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিতে তাদেরকে বিবেচনায় নেয়নি ওই সংগঠন দুটির শীর্ষ নেতারা। ফলে তারা এখন দিকভ্রান্তের ন্যায় ঘুরছেন। বহিষ্কৃত ১২ ছাত্রনেতা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, মহানগর দক্ষিণের সভাপতি জহিরউদ্দিন তুহিন, রাজীব-আকরাম কমিটির সহসভাপতি এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, জয়দেব জয়, মামুন বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও বায়েজিদ আরেফিন, সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত ও আব্দুল মালেক এবং সদস্য আজিম পাটোয়ারী।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
সকাল ১০টায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। দুপুর ২টায় ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এরপর আগামীকাল ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ হবে।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ