চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৬, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৬, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চীন সফর শেষ দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াত আমিরের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফর শেষে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে দেশে ফেরেন।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি টিম জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, চীন সরকারের আমন্ত্রণে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ১১ জুলাই চীন সফরে গিয়েছিলেন।
জনতার আওয়াজ/আ আ