চূড়ান্ত পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি, বাড়ছে দৌড়ঝাঁপ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চূড়ান্ত পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি, বাড়ছে দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১০, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১০, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর রাষ্ট্রক্ষমতায় ফিরে বিএনপি সরকার শুরুতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিয়েছে। বহুল আলোচিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন শুরুর পর এবার দল ও অঙ্গ-সংগঠন পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে দলটি।

বিএনপি সূত্রে জানা গেছে, দলটির অঙ্গ-সংগঠন স্বেচ্ছাসেবক দলের মেয়াদোত্তীর্ণ কমিটির পুনর্গঠনের মধ্য দিয়ে সংগঠনগুলোর পুনর্গঠনের কাজ শুরু হবে। তরুণ ও সাবেক ছাত্রনেতাদের নিয়ে সংগঠনটির নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে চলছে যাচাই-বাছাই। কোরবানির ঈদের আগে-পরে নতুন কমিটির ঘোষণা আসতে পারে।

সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এছাড়া, সংগঠনের শীর্ষ দুই নেতা সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংগঠনের পর্যাপ্ত সময় দিতে পারছেন না। এরই মধ্যে রাজীব আহসান সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সংগঠনের শীর্ষ দুই নেতা সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবং রাজীব আহসান প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সংগঠনে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। তারা ইতোমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতির কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছেন, যার ফলে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া গতি পেয়েছে
বর্তমান কমিটির শীর্ষ দুই নেতা, সভাপতি-সাধারণ সম্পাদক ইতোমধ্যে দায়িত্বে না থাকার কথা সংগঠনের অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।

সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, সাম্প্রতিককালে সংগঠনটির বিভিন্ন জেলা ও মহানগর কমিটি গঠন নিয়ে নানা বিতর্কও সৃষ্টি হয়েছে। তাদের দাবি, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা, অর্থের বিনিময়ে পদ দেওয়া এবং তৃণমূলে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা সংগঠনের জন্য অস্বস্তির। এ প্রেক্ষাপটে সংগঠনের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনকে ‘সেবামুখী’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি দখলদারিত্ব, চাঁদাবাজি ও অভ্যন্তরীণ কোন্দলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন তিনি। সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অপরাধে যুক্ত হওয়ার অভিযোগ আসবে, তাদেরকে দল থেকে চিরস্থায়ীভাবে বহিষ্কার করার পাশাপাশি আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।

দলীয় সূত্র জানায়, নতুন নেতৃত্ব বাছাইয়ে রাজপথের আন্দোলনে সক্রিয়তা, বিগত সময়ে মামলা-হামলার শিকার এবং সাংগঠনিক ধারাবাহিকতাকে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেওয়ার বিষয়টি স্পষ্ট।

স্বেচ্ছাসেবক দলের আগামী কমিটিতে রাজপথের আন্দোলনে সক্রিয়, বিগত সময়ে মামলা-হামলা ও গুমের শিকার এবং সাংগঠনিক ধারাবাহিকতা সম্পন্ন তরুণ ও সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেওয়া হবে। তারেক রহমান সংগঠনকে ‘সেবামুখী’ হিসেবে গড়ে তুলতে দখলদারিত্ব, চাঁদাবাজি ও অভ্যন্তরীণ কোন্দলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করে কোরবানির ঈদের আগে-পরে নতুন কমিটি ঘোষণা হতে পারে
নাম প্রকাশে অনিচ্ছুক স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির একজন সহ-সভাপতি বলেন, গত ২৮ মার্চ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। ওই দিন সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই আর দায়িত্বে না থাকার কথা জানিয়েছেন। সেই দিন থেকে নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। তবে কমিটি কবে হবে নির্দিষ্ট করে বলা কঠিন।

নতুন কমিটিতে পদপ্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, ‘দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ছাত্ররাজনীতি শুরু করি। সে সময় বিশ্ববিদ্যালয়ের এস এম হলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সম্পৃক্ত হই।’

‘নিজের অবস্থান থেকে সংগঠন ও দলকে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। এখন আশা করি, সাংগঠনিক দক্ষতা, অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও মেধার যথাযথ মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করা হবে।’

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির শীর্ষ পদে আলোচনায় যারা

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে স্থান পেতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে পদপ্রত্যাশীরা। তারা বলছেন, স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে শীর্ষ নেতৃত্বে বর্তমান কমিটি এবং বাইরে থেকে আসতে পারেন। তবে, আগামীর কমিটিতে যাদেরকে স্থান দেওয়া হবে, তাদের অতীত কর্মকাণ্ড পর্যালোচনা চলছে।

নিজের অবস্থান থেকে সংগঠন ও দলকে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। এখন আশা করি, সাংগঠনিক দক্ষতা, অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও মেধার যথাযথ মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করা হবে
স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার
নতুন কমিটি হলে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেতে দুই ডজন নেতা লবিং তদবির চালিয়ে যাচ্ছেন। তারা হলেন- বর্তমান কমিটির ফখরুল ইসলাম রবিন, ইয়াসিন আলী, নাজমুল হাসান, মোক্তার হোসেন ও আব্দুর রহিম হাওলাদার। এছাড়া, সাবেক বেশ কয়েকজন ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে পদপ্রত্যাশী। তারা হলেন- হাবিবুর রশিদ হাবিব, নুরুল হুদা বাবু, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ফজলুল হক খোকন, আকরামুল হাসান, বজলুল করিম চৌধুরী আবেদ।

স্বেচ্ছাসেবক দলের বর্তমান ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন এবং উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেনও সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটির পদপ্রত্যাশী।

নতুন কমিটিতে পদপ্রত্যাশী বর্তমান কমিটির এক নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ঢাকা পোস্টকে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। পদপ্রত্যাশীদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে কার কী ভূমিকা ছিল, জেল-জুলুম, মামলা-হামলা ও গুমের শিকার হওয়ার বিষয়গুলো নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বিবেচনায় নেওয়া হবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, ‌‌‌৫ আগস্ট পরবর্তী সময়ে নেতাকর্মীদের ভূমিকা ও অবদানও নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে মূল্যায়ন করা হবে।

কমিটি পুনর্গঠন বিষয়ে কথা হয় স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সঙ্গে।

সংগঠনকে গতিশীল ও আধুনিকায়ন করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বুকে ধারণ করে দল ও দেশকে এগিয়ে নিতে নিজেকে নিবেদিত রাখব
মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন
তারা ঢাকা পোস্টকে জানান, সংগঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। সংগঠনকে গতিশীল করতে সাংগঠনিক অভিভাবক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিনি সংগঠনকে শক্তিশালী করতে যে উদ্যোগই নেবেন, তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের। দলের সাংগঠনিক অভিভাবকের পরামর্শ ও নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলকে আরও গতিশীল করতে প্রতিনিয়ত নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তারা।

জানতে চাইলে মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন ঢাকা পোস্টকে বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্বোচ্চ দিয়ে রাজপথে লড়াই করেছি। দল থেকে যখন যে দায়িত্ব ও নির্দেশনা দিয়েছে, তা বাস্তবায়ন করেছি। অসংখ্যবার কারাবরণ ও রিমান্ড-নির্যাতন সহ্য করেছি। আগামী দিনেও আমাদের চেয়ারম্যান আমাকে কোনো দায়িত্ব দিলে তা পূর্বের ন্যায় যথাযথভাবে পালন করার চেষ্টা করব।’

“সংগঠনকে গতিশীল ও আধুনিকায়ন করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বুকে ধারণ করে দল ও দেশকে এগিয়ে নিতে নিজেকে নিবেদিত রাখব।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ