জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে : ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে।’

মঙ্গলবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২১ জুলাই পেশাজীবীদের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘এটা স্পষ্ট ষড়যন্ত্র চলছে। যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্ণারের লাভ হওয়ার সম্ভাবনা থাকে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী, ইনশাল্লাহ প্রধান উপদেষ্টাসহ অন্তর্বতীকালীন সরকার, নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা রাখতে চাই, ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট তারা করেছেন, সেগুলো বাস্তবায়ন করবেন।’

মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকালকে (সোমবার) জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মাননীয় মহাসচিব স্পষ্টভাবে লিখিতভাবে বলেছেন—ঘটনা-দুর্ঘটনা হোক, অন্যায় অন্যায়ই। কোনো অন্যায়কে ছোট করে দেখা, কোনো অন্যায়কে বড় করে দেখার প্রবণতা, কিংবা কোনো অন্যায়কে একটি কর্ণার থেকে কোনো দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়।’

তিনি আরও যোগ করেন, ‘অন্যায়কে মনে রাখতে হবে সব সময়ই অন্যায়ই বটে, আর অন্যায়ের পক্ষে কোনো সচেতন মানুষ রাজনৈতিক দলে থাকতে পারে—এটি আমি বিশ্বাস করি না।’

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশে মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। আমরা শুধু বন্ধুদেরকে বলতে চাই, ধৈর্য ধরুন। স্প্রেইডকে স্প্রেইড বলুন, ক্লাব খেলার চেষ্টা করবেন না। অন্যায় সমর্থন করবেন না। নিজেরটা সমর্থন করবেন, অন্যেরটার সময়ে কথা বলবেন—এটা হয় না। অন্যায়কে বিএনপি কখনো প্রশ্রয় দেয় না, সমর্থন দেয় না। বিএনপি অন্যায়ের বিচার চায়। মব সন্ত্রাস বিএনপি চায় না।’

জামায়াত ইসলামীর এক নেতা মিটফোর্ডের ঘটনার পর জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন। এছাড়া ন্যাশনাল রিপাবলিক পার্টির এক নেতা বলেছেন, আগে তারা পাকিস্তানিদের পুনর্বাসন করেছে, এখন মুজিববাদীদের পুনর্বাসন করছে। এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আমি তাদের প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাই না। কারণ আমি মনে করি, যারা এই প্রশ্নগুলো করে তারা অজ্ঞতা থেকে করে। তাদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে আমার প্রশ্ন আছে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে অনেক কথা বলা যায়।’

তিনি বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড, সবুজ কার্ড বা সাদা কার্ড দেখাবে। এটা কে বলল, তার কথায় বিএনপি আদৌ সমালোচনা বা আলোচনা করার প্রয়োজন মনে করে না। আর যারা বলে পুনর্বাসন করে—ঝালকাঠির ঘটনাটি পত্রিকায় দেখলাম, সেখানে লেখা আছে কারা পুনর্বাসন করেছে আর কারা করেনি।’

এ সময় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, ডক্টরস অ্যাসোসিয়েশনের রফিকুল আলম লাবু, নজরুল ইসলাম, সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, আমিরুল ইসলাম কাগজী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ