জালিমের বিরুদ্ধে আবার লড়াইয়ে নামতে হবে: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “বাংলাদেশকে জানাতে হবে, কেমন জালিমের বিরুদ্ধে আমাদের আবার লড়াই শুরু করতে হবে।” তিনি সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টে এই মন্তব্য করেন।
হাসনাত বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছেন, গণতন্ত্রের জন্য হরতাল ও অবরোধে অংশগ্রহণ করতে গিয়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের পুনর্বাসন করতে গিয়ে যেন নতুন কোনো জুলুম না ঘটে।”
তিনি আরও বলেন, “যারা রাজপথে শ্রম ও ঘাম দিয়েছেন, তাদের ত্যাগকে নগ্নভাবে রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশে ব্যবহার করা হচ্ছে। কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে—এটি দেবিদ্বারের মানুষই বিচার করবেন।”
উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন। রোববার কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন—উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলম হাজারী, বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল, আওয়ামী লীগ নেতা টিটু মইশান, নাজমুল, আতাউর রহমান সয়ন ও তার বাবা বজলু আমিন, জানু মিয়া, ইদ্রিস খান, ফরিদ হাজারী, মোহাম্মদ শাহিন (বড়শালঘর), শাহ আলীসহ মোট ২০০ নেতাকর্মী।
জনতার আওয়াজ/আ আ