জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে লঞ্চ ভাড়া বাড়ল ৩০ শতাংশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে লঞ্চ ভাড়া বাড়ল ৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ১:১২ অপরাহ্ণ

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) থেকেই নতুন এ ভাড়া কার্যকর হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ায় গত বছরের ৭ নভেম্বর লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়িয়েছিল অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সে হিসাবে কিলোমিটারপ্রতি ৬০ পয়সা করে ভাড়া বেড়েছিল।

এবার জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দেয় লঞ্চ মালিক সমিতি। গত ৮ আগস্ট নৌ মন্ত্রণালয়ে সচিব মো. মোস্তফা কামালের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। তবে লঞ্চ মালিকদের দাবি অযৌক্তিক বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব। তিনি বলেন, মালিক সমিতি লঞ্চভাড়া দ্বিগুণ করার যে প্রস্তাব দিয়েছে তা অযৌক্তিক।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের দাম বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা, পেট্রলে ৪৪ টাকা বাড়ে।

জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধির পর এরইমধ্যে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৮০ পয়সার জায়গায় ২ টাকা ২০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সার স্থলে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ০৫ পয়সার স্থলে ২ টাকা ৪০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা নির্ধারিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ