টাঙ্গাইল–৩ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে খালেদা জিয়ার বাড়ির সামনে মহিলাদলের অবস্থান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির প্রাথমিক মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করতে টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনের নেতাকর্মীরা রবিবার ৯ নভেম্বর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৪০ মিনিট থেকে নর্থ অ্যাভিনিউ রোডে (সোসাইটি পার্কের গেটসংলগ্ন) প্রায় ২০০ থেকে ২২০ জন মহিলা দলের কর্মী অবস্থান নেন। তাঁরা দাবি জানান—ঘাটাইল আসন থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া এস এম ওবায়দুল হক নাসিরের প্রার্থিতা বাতিল করে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে পুনরায় মনোনয়ন দিতে হবে।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঈশরাত সরকার নুপুর, সহসভাপতি সেলিনা খানম এবং সাবেক ছাত্রদল নেতা মো. শামীম মিয়া।
মহিলা দলের একাধিক নেত্রী বলেন, “আমরা শুধু ন্যায্য প্রার্থী চাই। লুৎফর রহমান আজাদ আমাদের দীর্ঘদিনের নেতা, ঘাটাইলের মানুষ তাকেই চায়।”
অংশগ্রহণকারীরা জানান, তাঁরা তিনটি বাসযোগে টাঙ্গাইল থেকে ঢাকায় এসেছেন।
পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন। পুলিশ জানায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দলীয় সূত্র বলছে, ঘাটাইল আসনের প্রার্থী নিয়ে এই ক্ষোভ সাম্প্রতিক সময়ে টাঙ্গাইল বিএনপির রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এই ধরনের বিরোধ দলে অভ্যন্তরীণ সমন্বয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
জনতার আওয়াজ/আ আ