তিন মাসে দেশে বেকার বেড়েছে ২ লাখ ৭০ হাজার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
চলতি বছরের প্রথম তিন মাসে দেশে বেকারের সংখ্যা ২ লাখ ৭০ হাজার বেড়েছে। গত ডিসেম্বরে দেশে বেকারের সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার; যা মার্চে বেড়ে দাঁড়ায় ২৫ লাখ ৯০ হাজারে। মঙ্গলবার (০২ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের তথ্য তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
তবে বেকারের সংখ্যা বাড়ার এমন তথ্যে চিন্তিত হতে নারাজ পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি জানান, মৌসুমি শ্রমিকদের তথ্য জরিপে আসায় এত কম সময়ে বেকারত্বের তথ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন বোঝা সম্ভব নয়।
বিবিএসের তথ্য বলছে, ২০২২ সালের শেষ প্রান্তিক অক্টোবর থেকে ডিসেম্বর বেকারের সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার। চলতি বছরের প্রথম তিন মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজার। মোট বেকারের মধ্যে পুরুষ ১৭ লাখ ১০ হাজার, নারী ৮ লাখ ৮০ হাজার। সপ্তাহে যারা এক ঘণ্টাও কোনো কাজ করেননি, কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন তাদের বেকার হিসেবে ধরা হয়। অর্থাৎ, সপ্তাহে কমপক্ষে এক ঘণ্টা কাজ করে মজুরি গ্রহণ করলেই তিনি বেকার হিসেবে গণ্য হবেন না।
দেশে বর্তমানে শ্রমশক্তিকে নিয়োজিত মোট জনগোষ্ঠী ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। তাদের মধ্যে পুরুষ ৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার ও নারী ২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার। এছাড়া, বর্তমানে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী ৭ কোটি ১১ লাখ। তাদের মধ্যে পুরুষ ৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ও নারী ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার। আর শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠী ৪ কোটি ৬৩ লাখ ৯০ হাজার। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ও নারী ৩ কোটি ৫২ লাখ।
বিবিএস বলছে, কর্মে নিয়োজিত শ্রমশক্তির মধ্যে কৃষি খাতে রয়েছে ৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার, শিল্পে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার এবং সেবা খাতে ২ কোটি ৬১ লাখ ১০ হাজার জন।
জনতার আওয়াজ/আ আ