তুরস্কে ভোট দিলেন বিশ্বের সবচেয়ে লম্বা নর ও নারী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১৫, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১৫, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ
তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট দিলেন বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ ও নারী। রোববার সেখানে এই নির্বাচন হয়। এতে বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের রেকর্ডধারী সুলতান কোসেন ভোট দেন। তার উচ্চতা ৮ ফুট ২.৮২ ইঞ্চি বা ২ মিটার ৫১ সেন্টিমিটার। তার বসবাস তুরস্কের মারদিন অঞ্চলে। তিনি মারদিনের ডেরিক জেলায় আলিবে এলাকায় ভোট দেন। ওই এলাকার দেদে গ্রামে তার বাস। ২০০৯ সালে গিনেস বুক অব রেকর্ডসে তার স্থান হয়। এ সময় তার হাতের দৈর্ঘ্য ছিল ২৭.৫ সেন্টিমিটার। আর পা ছিল ৩৬.৫ সেন্টিমিটার।
তিনি যেহেতু এত বেশি লম্বা, তাকে কোনো সাধারণ গাড়িতে করে বহন করা অসম্ভব।
হাঁটতেও তার সমস্যা হয়। এ জন্য একটি ট্রাক্টর-ট্রেইলারের পিছনে করে নিয়ে যাওয়া হয় আলিবে ভিলেজ প্রাইমারি স্কুলে। সেখানেই তিনি ভোট দেন। ভোট দিয়ে বলেন, আমি আশা করি এই ভোটে আমার দেশের মঙ্গল হবে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি সাবাহ।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসা গেলগি তুরস্কের নাগরিক। তিনিও ভোটাধিকার প্রয়োগ করেছেন। হাড়ের অস্বাভাবিক বৃদ্ধিজনিত সমস্যা, যাকে বলে ওয়েভার সিনড্রোম- তাতে ভুগছেন তিনি। তার বসবাস দেশটির কারাবাকে। তারও চলাচলে সমস্যা। এ জন্য কর্মকর্তারা মোবাইল ব্যালট বাক্স নিয়ে যান তার কাছে। সেখানে তিনি ভোট দেন। রুমেইসার উচ্চতা ২ মিটার ১৫ সেন্টিমিটার। ভোট দিয়ে বলেছেন, যারা শারীরিকভাবে চলাচলে সংকটে আছেন তাদের জন্য মোবাইল ব্যালট বাক্স উপযুক্ত। দেশের মঙ্গল কামনা করি আমি।
জনতার আওয়াজ/আ আ