দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে ও দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধ্বস নেমেছে, প্রশাসনও সেটা থেকে মুক্ত নয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম লক্ষ্মীপুরে এসেছেন। তিনি লক্ষ্মীপুরের সন্তান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটি দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেব। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করব।

উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে ‘আই হ্যাভ আ প্ল্যান’। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইওর মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং মনিটর করছেন, সেভাবেই কাজ আদায় করছেন। সারা পৃথিবীর মধ্যে এটি চমকপ্রদ এবং ব্যতিক্রম। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। এটি আন্তর্জাতিকভাবে দারুণভাবে প্রশংসিত হয়েছে। আমরা আশা করি, সামনে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।

তিনি আরও বলেন, বিএনপি-ধানের শীষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে। সবার আগে বাংলাদেশ এটি হচ্ছে আমাদের মূল পরিচয়, মূল বক্তব্য। নির্বাচনের আগে পরিস্থিতি ছিল একরকম, নির্বাচনের পরে পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের সবার কাঁধে দায়িত্ব এসে পড়েছে। যে কথাগুলো বলে আমরা জনগণের কাছে গিয়েছি, ভোট চেয়েছি, জনগণ অকৃপণভাবে আমাদের ভোট দিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বিজয় অর্জন করেছে। এই বিজয়ের সাংঘাতিক দায়ভার আছে। দায়বদ্ধতা ও জবাবদিহিতা অনেক। সেগুলো মনে রেখে আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এর আগে ইসমাইল জবি উল্লাহকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনি ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ