দুজন নারীর অচেনা ভুবনের গল্প ‘জয়া আর শারমিন’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ

‘আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত-অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন এই ছবি। বলতে পারেন, দুজন নারীর অচেনা ভুবনের গল্প এটি। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি। কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’—নিজের নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’ প্রসঙ্গে কথাগুলো বলেন দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান।
জানা গেছে, করোনাকালীন দেশে যখন শাটডাউন চলছিল সেই অদ্ভুত সময়টাতে সবার অলক্ষ্যে এই সিনেমাটির কাজ করেছেন জয়া। করোনাকালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’কে কাজে লাগিয়েছেন তিনি। শুরুতে কিছু জানা না গেলেও অবশেষে সেই ছবির নাম-পরিচয় প্রকাশ করলেন এই অভিনেত্রী-প্রযোজক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করলেন ছবিটির নাম, পরিচয় ও পোস্টার। ছবিটি নির্মাণ করেছেন ‘অ্যা ডটারস টেল’খ্যাত নির্মাতা পিপলু আর খান। এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া নিজেই। অন্যদিকে শারমিন চরিত্রে পাওয়া যাবে মঞ্চের অসম্ভব মেধাবী অভিনেত্রী মহসিনা আক্তারকে।
সহশিল্পী মহসিনা প্রসঙ্গে জয়া আরও বলেন, ‘থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন এতে। ওর জন্য আমার শুভকামনা।’ এর আগে ছবিটি প্রসঙ্গে জয়া আহসান জানিয়েছিলেন, প্যানডেমিকের মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় দিনগুলো কাটাচ্ছিলেন, পরিচালক ফোনে বললেন, ‘চলেন ছোট করে একটা শর্টফিল্ম বানিয়ে ফেলি।’ যদিও সেটি পরে দৈর্ঘ্যে বেড়ে যায়। এভাবেই হুট করে হয়ে গেলো পূর্ণদৈর্ঘ্য জয়া আর শারমিন-এর অন্যরকম গল্প।
অন্যদিকে আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত সরকারি অনুদানের ছবি ‘বিউটি সার্কাস’। সিনেমাটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। এরইমধ্যে সিনেমাটির মুক্তি ঘিরে প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন নির্মাতা, শিল্পী-কলাকুশলীরা।
জনতার আওয়াজ/আ আ