দেশের গণতন্ত্র আজ মৃত: মঈন খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশে আজকে গণতন্ত্র মৃত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বলেন, এখানে মানুষের কথা বলার অধিকার নেই, মৌলিক অধিকার নেই, ভোটের অধিকার নেই, গণতন্ত্রের অধিকার নেই।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
মঈন খান বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন করছি। আজকে এটা উপলব্ধি করতে হবে, যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশে আজকে সেই গণতন্ত্র মৃত। শুধু বাংলাদেশের মানুষ নয়, গোটা বিশ্ব ও মানবাধিকার সংগঠনগুলো বলেছেন, বাংলাদেশ আজকে একদলীয় শাসনে পরিণত হয়েছে।
তিনি বলেন, বিএনপি লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আমাদের কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিকভাবে অব্যাহত রাখবো। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবো।
ড. মঈন খান বলেন, টিআইবিসহ দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানিই বিএনপির কথা রিপিট করে প্রমাণ করেছে। কিন্তু কোনো প্রতিষ্ঠান বলেনি বিএনপির বলা কথাগুলো সত্য নয়।
উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, খান রবিউল ইসলাম রবি, আমিনুল ইসলাম, ওলামা দলের শাহ মোহাম্মদ নেছারুল হক, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ