পঞ্চগড়ে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় মির্জা ফখরুলের শোক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ

 

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে মহাসচিবের এই শোক প্রকাশের কথা জানান।

শোক বাণীতে তিনি বলেন, রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ যাত্রীর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মৃত্যু ও জীবিত যাত্রীদের দ্রুততার সঙ্গে উদ্ধারের ব্যবস্থা এবং পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান।

২৪ মৃত ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর নৌকাটি দুলতে শুরু করে। এসময় মাঝি নৌকাটি ঘাটে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে ওঠেন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী জানিয়েছেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী থাকা ভয়াবহ এ নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ