পদত্যাগে এত কর্মী কোথা থেকে এলো- প্রশ্ন চুন্নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদত্যাগে এত কর্মী কোথা থেকে এলো- প্রশ্ন চুন্নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা মহানগরীর ৯ থানার জাতীয় পার্টির ৬৭১ নেতাকর্মীর পদত্যাগের যে সংখ্যার কথা বলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাপা মহাসচিব প্রশ্ন রেখে বলেন, নির্বাচনের দিন দলীয় প্রার্থীর পক্ষে এজেন্ট দেওয়ার লোক পাওয়া না গেলেও পদত্যাগের জন্য এত কর্মী কোথা থেকে এলো?

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার দলটির ঢাকা মহানগর উত্তরের ৯ থানার ছয় শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। একইসঙ্গে নতুন করে জাতীয় পার্টি ব্র্যাকেটবন্দি করার ইঙ্গিত দেন তারা।

সেদিন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই গণপদত্যাগের ঘোষণা দেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।


জাপা মহাসচিব বলেন, নির্বাচনে শেরীফা কাদেরের আসনে এজেন্ট দেওয়ার লোক ছিল না, সেখানে পদত্যাগ করার এত কর্মী সেন্টু সাহেব কোথায় পেল? আমরা বিষয়টা নিয়ে গবেষণা করব। যারা পদত্যাগ করতে মিছিল নিয়ে গেছে, তাদের ৭-৮ জনকে মাত্র চিনি। জাতীয় পার্টিতে এত কর্মী ছিল সেটাও আজ জানলাম।

নেতাকর্মীরা পদত্যাগ করলেও দলে কোনো প্রভাব পড়বে না জানিয়ে জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকেও অনেক কর্মী চলে গেছেন। এতে দলের কোনো ক্ষতি হয় না। নতুন দল করলে তাদের স্বাগত জানাই। এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। তবে তাদের পৃষ্ঠপোষক রওশন এরশাদ হলে তা দেখার বিষয়।

জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি নেতৃত্বে জি এম কাদের, এটাই একমাত্র পার্টি। এরশাদের আদর্শ থেকে বিচ্যুতির অভিযোগ তুলে ইতোপূর্বেও অনেকে দল ছেড়ে চলে গেছে। কিন্তু তারা জানেই না এরশাদের আদর্শ কী। বলতে পরলে আমি পদত্যাগ করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ