পলাশীর ন্যায় আবারো স্বাধীনতা হারাতে বসেছি আমরা : ড. হেলাল উদ্দিন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পলাশীর ন্যায় আবারো স্বাধীনতা হারাতে বসেছি আমরা : ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৫, ২০২৪ ২:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৫, ২০২৪ ২:৩৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। – ছবি : সংগৃহীত

`পলাশীর ন্যায় আবারো স্বাধীনতা হারাতে বসেছি আমরা’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

তিনি বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন আমরা আজাদী হারিয়ে ছিলাম। ওই দিনই একটি দলের জম্মদিন। বাংলাদেশে জাঁকজমকভাবে আজ তা পালন করা হচ্ছে। ১৭৫৭ সালের আজকের এই দিনে কিছু বিশ্বাসঘাতকের কারণে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদৌলার পরাজয় হয়েছিল। এই পরাজয়ের মাধ্যমে আমরা ২০০ বছরের জন্য স্বাধীনতা হারিয়েছিলাম। আর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের পর হতে ধারাবাহিকভাবে ভোট চোর-ডাকাতদের কবলে পড়ে আমরা আবারো স্বাধীনতা হারাতে বসেছি।

সোমবার (২৪ জুন) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঐতিহাসিক পলাশী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন আবির এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হেলাল উদ্দিন রুবেল। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ড. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের আকাশে পলাশীর কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। দেশের ভূখণ্ড ভারতের হাতে তুলে দেয়া হয়। আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না। দেশ চালাচ্ছে ভারতের চানক্যরা। এমতাবস্থায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে সকল দেশপ্রেমিক শক্তিতে এগিয়ে আসতে হবে। ২৬৬ বছর পূর্বে ২৩ জুন পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা বনাম ইংরেজদের যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত নেমেছিল। ওই দিন অস্ত নেমেছিল যে স্বাধীনতা, তাকে আবার ফিরে পেতে ২০০ বছরের বেশি অপেক্ষা করতে হয়েছে বাঙালিদের।

তিনি বলেন, পলাশীর সাথে বর্তমান সময়ের মিল দেখতে পাচ্ছি। বর্তমানে দেশে জনগণের সরকার নেই। আছে আওয়ামী লীগ ও চোর-ডাকাতের সরকার। তাই জনগণের আজ আশ্রয়ের কোনো জায়গা নেই। পুরো দেশ এখন পলাশী। দেশে এমন কোনো বিভাগ নেই যা আগ্রাসী শক্তির পদলেহী নয়। তাই দেশকে মুক্ত করার জন্য জনগণকেই আজ জেগে উঠতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে মীর জাফরদের চিহ্নিত করতে হবে। মীরজাফর ও ঘসেটি বেগমদের কারণে পলাশী ট্রাজেডি ঘটেছিল।

হেলাল উদ্দিন বলেন, দেশের জনগণ মুক্তিযুদ্ধ করেছিল কোনো একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য নয়। মুক্তিযুদ্ধ করেছিল স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। তিনি সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, পলাশীর প্রান্তে নবাবের পরাজয় আমাদের গোটা জাতির জন্য বিরাট বড় শিক্ষা। হতাশাজনক হলেও সত্য, পলাশী যুদ্ধের পরাজয় থেকে প্রাপ্ত শিক্ষা আজও আমরা কাজে লাগাতে পারিনি। তৎকালীন সময়ে, দেশের অধিকাংশ মানুষই শাসকশ্রেণির পরিবর্তনের ব্যাপারে উদাসীন ছিল। জাতির মধ্যে ছিল না কোনো ঐক্যবদ্ধতা। ফলে, রবার্ট ক্লাইভের সামান্য সামরিক শক্তি ও কূটকৌশলের কাছে বাংলা হারায় তার স্বাধীনতা। তাই আমাদেরকে অর্জন করতে হবে জাতীয় ঐক্যের শক্তি। নিজেদের মধ্যে সকল প্রকার হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদকে ভুলে দেশের জন্য কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে আলাউদ্দিন আবির বলেন, সদা-সর্বদা আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত রাখতে হবে। প্রিয় জন্মভূমিকে সাম্রাজ্যবাদী আগ্রাসনের থেকে মুক্ত রাখতে হলে সৎ, যোগ্য ও আদর্শবাদী দেশপ্রেমিক নাগরিক গঠনের লক্ষ্যে আমাদের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাঁজাতে হবে। তাহলে আর কখনো পলাশীর পটভূমি রচিত হবে না এই বাংলাদেশে।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ