পাঁচ দিনব্যাপী এই উৎসবের মহাসপ্তমী আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাঁচ দিনব্যাপী এই উৎসবের মহাসপ্তমী আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৩:১০ অপরাহ্ণ

 

মহাষষ্ঠীতে মহিষাসুর মর্দিনী দেবীর আবাহনের মধ্য দিয়ে গতকাল (১ অক্টোবর) শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এই উৎসবের মহাসপ্তমী আজ।

এদিন সকাল ৯টা ৫৭ মিনিটে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্ত্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা শুরু হবে। এভাবে উৎসব চলবে আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত।

শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনেও মণ্ডপে মণ্ডপে ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্রধ্বনি। হিন্দুধর্মাবলম্বীরা সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে দেবী দুর্গার সামনে হাজির হয়ে পূজা উদযাপন করছেন।

গেল দুই বছর অতিমারি করোনার কারণে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব বাধাগ্রস্ত হয়েছিল। দুই বছর পর এবারের দুর্গাপূজায় যেন উৎসবের রং লেগেছে।

সনাতনী শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজা হবে। অর্থাৎ ষোলটি উপাদান দিয়ে মহাসপ্তমীর দিনে দেবী দুর্গাকে পূজা করা হয়। এছাড়া দেবী দুর্গার চুক্ষদানের পর ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন।

মহাসপ্তমীতে সেই উৎসবের রং আলো ছড়াচ্ছে সারা দেশের পূজা মণ্ডপগুলোতে। নানা বয়সী মানুষ রঙিন পোশাক পরে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপস্থিত হচ্ছেন মা দূর্গার সান্নিধ্যের আশায়। তবে আজ ভোর থেকে বৃষ্টি নামলেও উৎসবে খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

এদিকে, গতকাল থেকে পূজা শুরু হলেও রাজধানী ঢাকার মণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের ভিড় তেমন একটা দেখা যায়নি। আয়োজকরা জানান, আজ মহাসপ্তমীতে দর্শনার্থীদের ভিড় কিছুটা বাড়তে পারে। আগামীকাল সোমবার মহাঅষ্টমী থেকেই মূলত মন্দিরে ও মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে।

উল্লেখ্য, পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে প্রায় ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এই সংখ্যা গতবারের চেয়ে ৫০টি বেশি। আর ঢাকা মহানগরে এবার পূজা হচ্ছে ২৪১টি মণ্ডপে, যা গতবারের চেয়ে ৬টি বেশি। গতবার সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ