প্রস্তাবিত বিলে বিএমইউ-এর চিকিৎসা ব্যয় বাড়ার শঙ্কা বিরোধীদলীয় নেতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১২, সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রস্তাবিত বিলে বিএমইউ-এর চিকিৎসা ব্যয় বাড়ার শঙ্কা বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৮, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৮, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)–সংক্রান্ত প্রস্তাবিত নতুন বিলের ফলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন, বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, দেশের একমাত্র পূর্ণাঙ্গ টারশিয়ারি পর্যায়ের সরকারি চিকিৎসাকেন্দ্রকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হলে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

ড. শফিকুর রহমান বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। প্রস্তাবিত বিলে প্রফিট ও নন-প্রফিট কাঠামোর বিষয়টি ভবিষ্যতে চিকিৎসা ব্যয় বৃদ্ধির পাশাপাশি একটি ‘অস্বাস্থ্যকর প্রতিযোগিতা’ সৃষ্টি করতে পারে। এতে সাধারণ মানুষের পরিবর্তে বিশেষ কোনো গোষ্ঠী বেশি সুবিধা পেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। বাজেটে চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগের সঙ্গে এ বিলের উদ্দেশ্য সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিলটি কেবল উত্থাপিত হয়েছে। পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনার সময় বিরোধীদলীয় নেতাকে মতামত দেওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে।

অধিবেশনে পৃথক পয়েন্ট অব অর্ডারে বিশেষ কমিটির বৈঠকের নোটিশ যথাসময়ে না পাওয়ার অভিযোগ তোলেন বিরোধীদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম।

তিনি জানান, সকাল ১০টার বৈঠকের বার্তা মাত্র ৪০ মিনিট আগে পাঠানো হয় এবং বৈঠক শুরু হওয়ার পর ফোনে তাকে জানানো হয়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে স্পিকার সংশ্লিষ্ট কমিটির সভাপতিকে ভবিষ্যতে সদস্যদের যথাসময়ে নোটিশ দেওয়ার নির্দেশ দেন, যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ