ফাঁকা ২৮ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা শিগগিরই - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফাঁকা ২৮ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা শিগগিরই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দল ও জোটসহ ফাঁকা ২৮ আসনে আগামী দুই-একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এ ছাড়া ঘোষিত আরও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে।

দলীয় সূত্র জানায়, শরিকদের যেসব আসনে সমর্থন দেওয়া হবে, সেইসব আসনের ঘোষিত বিএনপির প্রার্থীদের সরিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে শরিকদের অন্তত ১৩ জন নেতাকে চূড়ান্ত সবুজ সংকেত দেওয়া হয়েছে। আরও দুই একটি আসন নিয়ে আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনে দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে সর্মথন দেবে বিএনপি। এদের মধ্যে ঢাকা-১২ ও নড়াইল-২ আসনে প্রার্থী বিবেচনা করা হচ্ছে। এর বাইরে কিশোরগঞ্জ- ৫ আসনে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এসানুল হুদাকে দেওয়া হতে পারে। এই আসনটিও অন্য বিবেচনা করার চিন্তাভাবনা চলছে। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামকে চার থেকে পাঁচ আসনে সমর্থন জানাবে বিএনপি। এসব আসনে ধানের শীষের কোনো প্রার্থী থাকবে না।

শরিকদের আসন ছাড়ের এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণঅধিকার পরিষদ এবং চার দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে পৃথক বৈঠক করেছে দলটি। বৈঠকে বিএনপি নেতারা শরিক দলগুলোকে দ্রুত সময়ের মধ্যেই কোন দল কোন আসনে নির্বাচন করবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার আশ্বাস দেন। তবে এ ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু একক দল ও জোটগুলোর সঙ্গে অনুষ্ঠিত এসব বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিটি বৈঠক আধা ঘণ্টার বেশি সময় ধরে চলে। সংশ্লিষ্ট দল ও জোটগুলোর শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের বলেন, বিএনপির সঙ্গে আজ আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগে আমরা যে ২৫টি আসনের তালিকা দিয়েছিলাম, সে বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। বিএনপি আমাদের আশ্বস্ত করেছে- কে কোন আসনে নির্বাচন করবে, তা আমাদের শিগ্‌গির জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে গণতান্ত্রিক বাম ঐক্য জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সভাপতি হারুনুর রশীদ বলেন, বিএনপি আমাদের রাজনৈতিকভাবে সর্বোচ্চ মূল্যায়নের আশ্বাস দিয়েছে। আমরা বিশ্বাস করি, আন্দোলন-সংগ্রামে যে ত্যাগ আমরা দিয়েছি, তার ভিত্তিতেই বিএনপি আমাদের যথাযথ মূল্যায়ন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ