ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৩, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৩, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠাতব্য এই বিশ্বকাপকে ঘিরে যখন বিশ্বজুড়ে চলছে উন্মাদনা, তখন বাংলাদেশের জন্যও এসেছে এক গর্বের খবর। বিশ্বকাপের এই মহাযজ্ঞে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণী ফারজিন গনি।

বিশ্বকাপের জন্য নির্বাচিত ভলান্টিয়ারদের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছেন ফারজিন।

কানাডার টরন্টোতে অনুষ্ঠাতব্য ম্যাচগুলোতে তিনি সেরেমনিজ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ম্যাচ শুরুর আগে বিভিন্ন দেশের জাতীয় পতাকা বহন এবং খেলোয়াড়দের মাঠে প্রবেশের আনুষ্ঠানিকতায় সহায়তা করবেন তিনি।

জানা গেছে, দায়িত্ব পালনের উদ্দেশ্যে গত ২ জুন ঢাকা থেকে টরন্টোর পথে রওনা হয়েছেন ফারজিন গনি।

মেয়ের এই সাফল্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার মা রোজানা নাসিম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ! আমার মেয়ে ফারজিন গনি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছে। কানাডার টরন্টোয় অনুষ্ঠাতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ থেকে একমাত্র ভলান্টিয়ার হিসেবে সে সুযোগ পেয়েছে। প্রায় ৩০ লাখ আবেদনকারীর মধ্য থেকে বিশ্বব্যাপী মাত্র ৩,০০০ জন নির্বাচিত হয়েছেন। সেই তালিকায় জায়গা করে নিয়েছে আমার মেয়ে।’

তিন আরও লেখেন, ‘ফারজিন সেরেমনিজ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। মাঠে ফুটবল খেলোয়াড়দের সহায়তা করবে এবং ম্যাচ শুরুর আগে বিভিন্ন দেশের পতাকা ধরে রাখবে। জীবন বদলানো এই অনন্য যাত্রায় আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই। আল্লাহ যেন তাকে সুস্থ, নিরাপদ ও সফলভাবে এই স্বপ্নের মঞ্চে দায়িত্ব পালন করার তৌফিক দেন।’

এবারের বিশ্বকাপে প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার বিভিন্ন দায়িত্বে কাজ করবেন। স্টেডিয়াম পরিচালনা, দর্শকসেবা, টিকিট ব্যবস্থাপনা, মিডিয়া সহায়তাসহ নানা গুরুত্বপূর্ণ কাজে তাদের সম্পৃক্ত রাখা হবে। ফিফার পক্ষ থেকে নির্বাচিত ভলান্টিয়ারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধাও প্রদান করা হচ্ছে।

আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের আসর। বিশ্বের সেরা ফুটবলারদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ তৈরির বিরল সুযোগ পাবেন এসব ভলান্টিয়ার। আর সেই মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ