বর্ণচোরার’ ভূমিকায় বামরা: ঢাবি শিবির সভাপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্ণচোরার’ ভূমিকায় বামরা: ঢাবি শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
বামপন্থিদের ‘বর্ণচোরা’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দাঁড় করিয়ে বামপন্থিরা আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এস এম ফরহাদ বলেন, আজকের মব সৃষ্টির ফ্রেমিংটা ১৯৭১ বনাম ২০২৪ না। এটা মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দাঁড় করিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা।

‘শাহবাগ ও বাকশালকে নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র’ উল্লেখ করে তিনি বলেন, ‘শাহবাগ কায়েম করে আমাদের দিনে দিনে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। আমরা এতে হতাশ হইনি। আমরা শাহবাগ ও বাকশালের বিরুদ্ধে ছিলাম।

‘সামনে আবার শাহবাগ কায়েম করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে আমরা শঙ্কিত নই’ মন্তব্য করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা এর বিরুদ্ধে থাকব ইনশাআল্লাহ।

তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি টিকিয়ে রাখতে বর্ণচোরা ষড়যন্ত্র করছে বামরা। মতিউর রহমান নিজামীসহ অন্যদের ফাঁসির আদেশ একটি বিচারিক হত্যাকাণ্ড। এর দায় শুধু হাসিনার নয়, শাহবাগের ফ্যাসিবাদীদের দোসরদেরও। যারা ১০-১২টা সংগঠন থেকে ২০-২৫ জন নিয়ে টিএসসিতে এসেছে।

ফরহাদ বলেন, ‘বিভিন্ন ট্যাগ বা তকমা দিয়ে বামদের এ আচরণ আজকের নয়। অনেক দিন ধরে চলে আসছে। তারা আজও শেখ হাসিনার ষড়যন্ত্র টিকিয়ে রাখতে বর্ণচোরার ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’

এই নেতা আরও বলেন, ‘আজকের আয়োজনের বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছেন এবং মব তৈরি করার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা প্রত্যেকেই বিভিন্ন বাম ছাত্র সংগঠনের পোস্টধারী। তারা হয়ত বিভিন্ন সংগঠনের সভাপতি-সেক্রেটারি। যারা ১০-১২টা সংগঠন থেকে ২০-২৫ জন নিয়ে টিএসসিতে এসেছে।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাবি ছাত্রশিবির আয়োজিত তিনদিন ব্যাপী ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক বর্ণাঢ্য ও ব্যতিক্রমধর্মী আয়োজনে জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি বামপন্থীদের তোপের মুখে সরিয়ে নেয় ঢাবি প্রশাসন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পালটাপালটি বিক্ষোভ করতে থাকে শিবির ও বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ