বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা নিয়েও আ’লীগ ভয়ে ভীত হয়ে পড়েছে : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা নিয়েও আওয়ামী লীগ ভয়ে ভীত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারণ হিসেবে তিনি বলেন, তাদের কোনো জনভিত্তি নেই। ভোট চুরি করে জোর করে ক্ষমতায় আছে তারা।
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠেয় মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রার কর্মসূচি সফলে আজ বুধবার বিকেলে শাহজাহানপুরে নিজ বাসভবনে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই প্রস্তুতি সভা হয়।
মির্জা আব্বাস অবিলম্বে সরকারকে গণদাবি মেনে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। অন্যথায় গণআন্দোলনে সরকারের পতন ঘটবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘শেখ হাসিনা বলেছেন আমরা বিদ্যুতে আর ভর্তুকি দেব না। আমরা বলছি আপনারা দুর্নীতি বন্ধ করেন, তাহলে আর ভর্তুকি দিতে হবে না। আপনাদের দুর্নীতি-লুটপাটের কারণেই জনগণ চরম ভোগান্তিতে আছে।’
তিনি বলেন, ‘জনগণের দাবি নিয়ে আমরা রাজপথে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দক্ষিণের যুগ্মআহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ অনেকে।
সরকার হটানোর আন্দোলনের অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে ফের পদযাত্রার কর্মসূচি পালন করবে মহানগর দক্ষিণ বিএনপি। দুপুর ২টায় মতিঝিলের টিকাটুলি মোড়ে ব্রাদার্স ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়ে শাপলা চত্বর-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।
এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজধানীতে পদযাত্রার কর্মসূচি পালন করবে। এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে চার দিনের পদযাত্রার কর্মসূচি পালন করে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
জনতার আওয়াজ/আ আ