বিচ্ছেদ গুঞ্জনের মাঝে একসঙ্গে নতুন সিনেমায় অভিষেক-ঐশ্বরিয়া!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়েও জল কম ঘোলা হয়নি। সব আলোচনা পেছনে ফেলে এবার একসঙ্গে কাজে ফেরার ইঙ্গিত দিলেন তারা। চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। নাম ‘গুলাব জামুন’।
২০২৩ সালে ঐশ্বরিয়া অভিনীত ‘পোন্নিয়িন সেলভান ২’ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায়। সে বছর একটি সিনেমাতেই অভিনয় করতে দেখা যায় তাকে। এবার নতুন বছরে তাকে দেখা যাবে গুলাব জামুনে। সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপ।
ড্রামা ও থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে বছরের শেষ দিকে। এখন চলছে কাস্টিংয়ের কাজ। এ সিনেমার ঘোষণা অনেক আগেই নির্মাতা দিয়েছিলেন। তবে নানা কারণে সিনেমাটির কাজ পিছিয়ে যায়। এবার আবারও কাজটি শুরু হতে যাচ্ছে।
নিজেদের অভিনয়ের বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে ঐশ্বরিয়া বলেন, ‘গুলাব জামুনে আমি আর অভিষেক অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি। কাজটি এ বছর মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা। সে বিষয়ে আমার সঙ্গে অনুরাগের কথাও হয়েছে। আমি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুটিং শুরু করব। আমার শিডিউলও লক করা হয়েছে। বাকিদের শুটিং সম্পর্কে আমি এখনও কিছু জানি না। গল্পটি দুর্দান্তভাবে সাজানো হয়েছে। অনুরাগের নির্মাণে এটাই আমার প্রথম কাজ হতে যাচ্ছে।’ সিনেমার শুটিংয়ের বিষয়ে এখনও মুখ খোলেননি অভিষেক। সিনেমার গল্প লিখেছেন সার্ভেষ মেওরা। তবে কোন প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কিছু নিশ্চিত করেননি নির্মাতা।
অভিষেক-ঐশ্বরিয়া এর আগে বেশ কিছু সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গুরু, সরকার রাজ, কুছ না কাহো।
জনতার আওয়াজ/আ আ