বিদিশার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি রওশনপন্থী জাপার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদিশার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি রওশনপন্থী জাপার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১১:২৬ অপরাহ্ণ

 

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তালাকপ্রাপ্তা স্ত্রী বিদিশা সিদ্দিককে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নাম এবং পার্টির নাম ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রওশন এরশাদপন্থী জাতীয় পার্টি।

তার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, সাত কর্মদিবসের মধ্যে সব পদ-পদবী বিলুপ্ত ঘোষণা করে পার্টির নেতাকর্মীদের কাছে ক্ষমা না চাইলে প্রতারণা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং বিরোধী দলীয় নেতার নাম ব্যবহার করে তার মানহানি করার অপরাধে বিদিশার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৯ অক্টোবর) জাতীয় পার্টির রওশন এরশাদ আহূত সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান টিটু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিদিশাকে এ হুঁশিয়ারি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির লাখ লাখ নেতাকর্মীর প্রাণের স্পন্দন। তিনি দলের সবার গুরুজন এবং সম্মান ও শ্রদ্ধার ব্যক্তিত্ব। তার ও পার্টির নাম ব্যবহার করে বিদিশা সিদ্দিক যেসব রাজনৈতিক কর্ম তৎপরতা চালাচ্ছেন, তাতে দেশজুড়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, রওশন এরশাদকে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তার অবর্তমানে বিদিশা নিজেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন, যা এক ধরনের প্রতারণা এবং বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকের জন্য সম্মানহানিকর। এতে করে দেশজুড়ে পার্টির লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক এবং দেশবাসী বিভ্রান্ত ও বিক্ষুব্ধ।

সেইসাথে পার্টির নামে বিদিশা কো-চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, দফতর সম্পাদক, প্রচার সম্পাদকসহ অন্যান্য পদ বণ্টন করেছেন, তাও নেতাকর্মীদের সাথে প্রতারণার শামিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ