বিয়ানীবাজারে বিএনপির প্রচার মিছিলে ছাত্রলীগের ধাওয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ১১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ১১:১০ অপরাহ্ণ

সিলেটের বিয়ানীবাজারে বিএনপির প্রচার মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধাওয়া করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার পৌণে তিনটার দিকে পৌরসভার দক্ষিণবাজারে এ ঘটনা ঘটেছে। এ সময় এক পথচারী আহত হয়েছেন বলে জানা যায়।
বিএনপির অভিযোগ, আজ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভাগীয় গণসমাবেশ সফলে বিয়ানীবাজারে লিফলেট বিতরণ কর্মসূচি শেষের দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া দেন। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটের টুকরার আঘাতে মুসলিম মিয়া নামের এক পথচারী আহত হন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। ঘটনার পর ছাত্রলীগ মিছিল করেছে।
উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা বলেন, বিএনপির কর্মসূচি ঠেকাতে সকাল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে ছিলেন। কর্মসূচি শেষ হওয়ার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিতভাবে বিএনপির কর্মীদের ধাওয়া দিয়েছেন।
বিয়ানীবাজারের আজাদ জিসান নামের ছাত্রলীগের এক নেতা দাবি করেন, বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা নাশকতার জন্য জড়ো হয়েছিলেন। ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে মাঠে অবস্থান নিলে বিএনপির কিছু কর্মী ইট ছুঁড়ে। এরপর ছাত্রলীগ ধাওয়া দেয়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
জনতার আওয়াজ/আ আ