ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার কথা জানালেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
‘অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করবো এবং তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তারা যে বেআইনি সুবিধাগুলো নিয়েছেন সেই জন্যও তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবো।’ বৃহস্পতিবার (৭ মে) রাজধানী ঢাকার ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের অব্যাহতি নেওয়ারও আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধের গৌরব ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার কথা উল্লেখ করে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, “বিগত সময়ে অমুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা অনৈতিক ও বেআইনি। আমরা স্পষ্ট করে বলেছি যে, আমরা সেসব অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করবো এবং তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তারা যে বেআইনি সুবিধাগুলো নিয়েছেন সেই সুবিধাগুলোর জন্যে তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবো।”
অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় তালিকা থেকে রিজাইন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আজও আমি আপনাদের সামনে আমার বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের সামনে ঘোষণা করছি। যারা অমুক্তিযোদ্ধা তাদের বলবো আপনারা এখনই স্বেচ্ছায় এই তালিকা থেকে রিজাইন করুন। সেক্ষেত্রে শাস্তির মাত্রা অবশ্যই কমতে পারে। আর আমরা যখন চিহ্নিত করবো তখন কিন্তু শাস্তির মাত্রা যত থাকে ততই হবে।” যারা দরিদ্র মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না বলেও জানান মন্ত্রী।
জনতার আওয়াজ/আ আ