ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩২, বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

নির্বাচনি দায়িত্ব পালন কিংবা ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হলে তার পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আহত, অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের জন্যও বিভিন্ন হারে আর্থিক সহায়তার বিধান রেখে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি।

বুধবার (১০ জুন) ইসি কর্মকর্তারা এ বিষয়টি জানিয়েছেন।

ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের সই করা এ-সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে দুর্ঘটনা বা হামলায় নিহত ব্যক্তির পরিবার ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম হলে দেওয়া হবে ৪ লাখ টাকা, গুরুতর আহত বা সাময়িক অক্ষমতার ক্ষেত্রে ২ লাখ টাকা এবং সাধারণ আহতদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা মিলবে।

এ ছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থতায় মৃত্যু হলে পরিবারকে সর্বোচ্চ ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার ক্ষেত্রে ৫০ হাজার টাকা দেওয়া হবে। ব্যয়বহুল চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩ লাখ এবং সাধারণ চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদানের ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশনের অনুমোদনের পর অর্থ দেওয়া হবে। ইসি কর্মকর্তাদের মতে, আগে এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকায় অনুদান দেওয়া ও উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টন নিয়ে জটিলতা তৈরি হতো। নতুন নীতিমালায় সে সমস্যা দূর হবে।

অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের লক্ষ্যে আগামী সপ্তাহে কমিশন সভা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। অক্টোবরের শেষ বা নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় বিধিমালা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পোস্টাল ব্যালট বা অনলাইনে মনোনয়নপত্র জমার মতো বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ