মসিকে বিনা ভোটে নির্বাচিতদের প্রতিহত করবে বিএনপি কর্মকর্তাদের অফিসে আসার আহ্বান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মসিকে বিনা ভোটে নির্বাচিতদের প্রতিহত করবে বিএনপি কর্মকর্তাদের অফিসে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) তালা ঝুলিয়ে দেওয়ার একদিন পর অফিস করতে শুরু করেছেন কর্মকর্তা ও কর্মচারিরা। তবে কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বিতর্কিত নির্বাচনের জনপ্রতিনিধিদের।

সোমবার (১৯ আগষ্ট) সকাল ১০টার দিকে সরেজমিনে মসিক কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় এই চিত্র।

এ সময় মেয়র-কাউন্সলরদের প্রবেশ ঠেকাতে কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের অবস্থান নিতে দেখা যায়।

এতে বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপির সদস‍্য রতন আকন্দ, উত্তর জেলা বিএনপির সদস‍্য কামরুজ্জামান লিটন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টিটু, সহসভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জল, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি মাহাবুবুর রহমান রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় মসিকের প্রধান নির্বাহী ইউসুফ আলীকে মুঠোফোনে আশ্বস্থ করে ওয়াহাব আকন্দ ওয়াহিদ কর্মকর্তা ও কর্মচারিদের অফিস করতে বলেন।

তবে বেলা সোয়া ১১টা পযর্ন্ত কিছু সংখ‍্যক কর্মকর্তা ও কর্মচারী অফিসে প্রবেশ করলেও খোলা হয়নি কার্যালয়ের বেশির ভাগ কক্ষ। এতে কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতিও ছিল অনেকটাই কম।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারি বলেন, ভয় আতঙ্কে অনেকেই এখনো অফিসে আসেনি। তবে মেয়র ও কাউন্সিলদের ছাড়া আর কাউকে অফিসে বাঁধা দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

এই বিষয়ে জানতে চাইলে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিনাভোটের বিতর্কিত নির্বাচনে যেসব জনপ্রতিনিধি সাগর হত‍্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে অফিস করতে দেওয়া হবে না। তবে কর্মকর্তা ও কর্মচারিদের কাজে কোন বাঁধা নেই। তিনি আরও বলেন, অবিলম্বে শহীদ সাগর হত‍্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর বিচার নিশ্চিত করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ