যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ২১, ২০২৩ ৩:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ২১, ২০২৩ ৩:৫১ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আগস্ট মাস এলেই শঙ্কা জাগে একাত্তরের পরাজিত পক্ষ আবার না কোনো অঘটন ঘটায়। তবে বাংলাদেশ পুলিশ যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
রোববার (২০ আগস্ট) ডিএমপি হেড কোয়ার্টার্সে ২০২৩ সালের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, দেশের প্রচলিত আইন অনুসরণ করে এবং পেশাদারিত্বের সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কোনো পুলিশ সদস্যের আচরণগত কারণে যেন আমাদের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে আমাদের সবার সতর্ক থাকতে হবে।
আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস, শঙ্কার মাস। আগস্ট মাসেই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হারিয়েছি। এ মাসেই আমরা বাঙালির অনেক গুণীজন হারিয়েছি।
তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানা তামিল, চুরির মামলা, ছিনতাই মামলা, চোরাই গাড়ি উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধারে আরও গুরুত্ব দিতে হবে। ভালো কাজ ও জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছে। এতে করে সারা দেশে পুলিশের একটি ভাবমূর্তি তৈরি হয়েছে। মানুষ পুলিশকে আপন করে নিয়েছে। মানুষের এই ভালোবাসাকে ধরে রাখতে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে।
বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যরা যেন ডেঙ্গু আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশ লাইনস, থানা ও ফাঁড়িগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স), অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) সাইফুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ