রাগ ক্ষোভ পেছনে ফেলে নিজেদেরকে সুন্দর জীবনমুখী করে তুলি: শাবনূর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ২২, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ২২, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক
করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন দেশে আসতে পারছেন না জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী হলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভাবেন। তিনি নিজেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিজের ফ্যান পেজে একটি পোস্ট দিয়ে লেখেন, ইদানিং দেখতে পাচ্ছি সবার মধ্যে একটি যুদ্ধ চলছে।
বুধবার দুপুরে নিজের একটি ছবি পোস্ট করে শাবনূর লিখেছেন, বন্ধুরা সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। ইদানিং আমি দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটি যুদ্ধ চলছে! অথচ এই কথাটি কেউ বুঝতে চাইছেনা যে, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকেই চলে যেতে হবে! আবার এ কথাও সত্যি যে, আমরা সবাই একে অপরের চেনামুখ!

সকলকে এক হওয়ার আহ্বান জানিয়ে শাবনূর লেখেন, দিনশেষে আমাদের সকলের চলার পথ একটাই। চলার পথে আমাদের একে অপরের মুখোমুখি হতে হবে। একে অপরের সুখ-দুঃখে আমাদেরকেই পাশে থাকতে হবে। তাই আমরা এসব যুদ্ধে লিপ্ত না হয়ে, আমাদের রাগ ক্ষোভ পেছনে ফেলে নিজেদেরকে সুন্দর জীবনমুখী করে তুলি।
দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি উল্লেখ করে শাবনূর লেখেন, এই মুহূর্তে দেশে এক ভয়াবহ সংকট চলছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত বন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে আমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ি সকল বন্যা-কবলিত অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত! দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ!
সবশেষে শাবনূর লেখেন, ধন্যবাদ। আশা করি সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন! অপরকে ভালো রাখলে আল্লাহও আপনাকে ভালো রাখবে!
জনতার আওয়াজ/আ আ