রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৬
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২৪, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২৪, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম এলাকা লংগদুতে আঞ্চলিক দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে উপজেলার ছোট কাট্টলী এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-এর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
বুধবার (২৪ আগস্ট) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক অংগ মারমা বুধবার সকালে দাবি করেন গোলাগুলিতে শ্যামল চাকমা (৪৫) নামে তাদের এক কর্মী নিহত হয়েছে। এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করছেন তিনি।
লংগদু থানার পরিদর্শক (তদন্ত) মো. সানজিদ আহম্মেদ জানান, রাতেই শুনেছি গোলাগুলির খবর। ঘটনাস্থল দুর্গম। সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
জনতার আওয়াজ/আ আ