সাইবার ওয়ার্ল্ডে অনেকেই অপতৎপরতা চালাচ্ছে: আইজিপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাইবার ওয়ার্ল্ডে অনেকেই অপতৎপরতা চালাচ্ছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, ‘অনেকেই সাইবার ওয়ার্ল্ডে অপতৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, ‘পূজাকে ঘিরে অনেকের মধ্যে শঙ্কা কাজ করেছিল। আমরা এই শঙ্কা দূর করে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। সারা দেশে প্রতিটি পূজামণ্ডপে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা পালন করা হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা বাড়াতে পুলিশের পাশাপাশি র‌্যাব, কোস্ট গার্ড, আনসারসহ সশস্ত্র বাহিনী কাজ করছে। যারা এই উৎসবকে কেন্দ্র করে অপতৎপরতা ঘটাতে চায়, তারা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে। এই সুযোগ আমরা দেব না। আমরা সব সময় সজাগ রয়েছি।’

তিনি বলেন, ‘তথাকথিত গডফাদারসহ অনেকেই নারায়ণগঞ্জকে সন্ত্রাসীর জনপদ বানানোর তৎপর হয়েছিল। যারা সন্ত্রাসীদের লালন-পালন করবে, চাঁদাবাজি-টেন্ডারবাজি করবে তারা ভুলেও যেন এই পথে আর পা-না দেয়।

আইজিপি বলেন, ‘নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকাণ্ডের মতো বড় একটি ঘটনা ঘটেছে। চেষ্টা করা হয়েছিল ত্বকী হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম একেবারে বন্ধ করে দেওয়ার। কিন্তু এই হত্যাকাণ্ডের তদন্তকাজ আবারও শুরু হয়েছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম আবারও শুরু হয়েছে। আমরা চাই কোনো ঘটনা ঘটা মাত্রই তা প্রতিহত করার এবং ঘটনা যদি ঘটে যায়, তাহলে দ্রুত যেন তার তদন্ত শেষ করতে পারি। এরই মধ্যে পুরনো যত মামলা আটকে ছিল, তা ফের শুরু হয়েছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, র‌্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ব্যবসায়ী প্রবীর কুমার সাহা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ