সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানি আগামীকাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২১, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২১, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তুলে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার (২২ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বুধবার (২১ মে) বিচারপতি মো: খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
এর আগে গত ১৪ মে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। একইসাথে সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত।
২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
৫ আগস্টের পর আপিলের শর্তে জোবাইদা রহমানের সাজা ১ বছর স্থগিত করে সরকার। ১৭ বছর পর ৬ মে বেগম জিয়ার সাথে দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান।
জোবাইদা রহমানের আইনজীবীরা বলছেন, রাজনীতি থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দেয়া হয়। আপিল শুনানি হলে খালাস পাবেন তারেক-জোবাইদা দম্পতি।
জনতার আওয়াজ/আ আ