হাটে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করলেন র‌্যাব ডিজি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৩, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাটে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করলেন র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

কোরবানির ঈদে পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিরোধে ‘কার্যকরী ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। একই সঙ্গে হাটগুলোতে নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করার কথাও বলেন তিনি।

রবিবার (২৪ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে গৃহীত নিরাপত্তাব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। সে জন্য পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতায়ের মতো ঘটনা প্রতিরোধে র‌্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।

নিরাপদে গবাদি পশু হাটগুলোতে নিয়ে যাওয়া নিশ্চিত করতে ব্যাটালিয়নগুলো তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবস্ট প্যাট্রোলিং পরিচালনা করছে এবং ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করছে।

র‌্যাবের প্রধান পলাশ আরও বলেছেন, জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখাসহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ এবং কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অন্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‌্যাব তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ