হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার বিষয়ে দিল্লির বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে সুনির্দিষ্টভাবে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। চলতি সপ্তাহের শুরুতে ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশন কনফারেন্সের সাইড লাইনে জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় মিস্টার হোসেনের। এ বিষয়ে বৃহস্পতিবার ব্রিফিং করেন তিনি। সেগুনবাগিচার ওই ব্রিফিংয়ে উপদেষ্টা এমনটাই দাবি করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেরানো নিয়ে সুনির্দিষ্ট করে কোন আলোচনা হয়নি। তবে, আমরা সম্পর্কের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তাহলে কি শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টিকে আপাতত পাশে সরিয়ে রেখে অন্তর্বর্তী সরকার মোদি সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার চেষ্টা করছে? এমন পাল্টা প্রশ্নে উপদেষ্টা বলেন, সরিয়ে রাখার ব্যাপার না, এটি একটি স্বাধীন বিষয়। আদালত চেয়েছে তাকে, আমরা অনুরোধ করেছি তাকে ফেরত দেয়ার জন্য, তারা ফেরত দেয়নি। তার মানে এই নয় যে আমরা বাকি সবকিছু নিয়ে বসে থাকবো!
মাস্কাট বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। বলেছি, দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হয়েছে, মন্ত্রী পর্যায়ের কিন্তু আমাদের একটা বৈঠক বাকি রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গতবার বৈঠকে ভারতে গিয়েছেন এখন আপনার ঢাকা আসার কথা। আপনি সময় জানালে আমরা সে অনুযায়ী প্রস্তুতি নেবো। আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্কর কি বলেছেন? জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এস জয়শঙ্কর ইতিবাচক।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতের সঙ্গে শুরুতে যে টানাপোড়ন ছিল সেটা সবাই জানে। আমরা স্বীকারও করেছিলাম। তবে এখন ব্যবসা মোটামুটি আগের স্থানে গেছে। এটা শুভ লক্ষণ। তবে, কিছু টানাপোড়ন এখনো রয়ে গেছে। যেমন-ভিসাসহ কিছু সমস্যা আছে। কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে, এগুলো দূর করে ইতিবাচক কাজের একটি পরিবেশ তৈরি করতে হবে। ঢাকা-দিল্লির সম্পর্কে বিদ্যমান উদ্বেগ ও চ্যালেঞ্জগুলোর বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা নির্দিষ্ট করে বলিনি এই উদ্বেগ আছে। আমরা স্বীকার করেছি, কিছু উদ্বেগ রয়ে গেছে। এগুলো আমাদের দূর করতে হবে, যাতে সম্পর্কটা উন্নত হয়।
জনতার আওয়াজ/আ আ