৬ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৬ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত এবং আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর ছয় দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সারা দেশের মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সময়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছয় দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচি সফল করতে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে সদস্যসচিব করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

৭ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ ডিসেম্বর ছাত্রদলের আয়োজিত কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

১১ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ডিসেম্বর বিএনপির আয়োজনে সমাপনী কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় দেশজুড়ে নেতা-কর্মীদের একযোগে অংশগ্রহণ বিএনপির ঐক্য ও দৃঢ়তার প্রতীক হবে। একই সঙ্গে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি জাতীয় রাজনীতিতে নতুন গতি আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ অন্য নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ