আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে গুজব! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে গুজব!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে দলটি। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমাবেশ স্থগিত করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুজবটি এড়িয়ে যেতে বলা হয়েছে।

আওয়ামী লীগের দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিন মিথ্যাচার-গুজব সন্ত্রাস-জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

এতে বলা হয়, আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গুজবের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, আওয়ামী লীগের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চিহ্নিত মহল আগামীকাল অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিথ্যাচার, গুজব ও অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারাই এই ধরনের কাপুরুষোচিত কাজ করতে পারে। স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক অপশক্তি বিএনপি তাদের চিরাচরিত মিথ্যাচার-অপপ্রচার ও গুজব-সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের উত্তরসূরি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক গণতন্ত্রবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এই গুজব সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে আগামীকাল শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশে দলে দলে যোগদানের জন্য অনুরোধ জানাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ